কুলাউড়ায় সিএনজির ধাক্কায় আহত বিদ্যুৎকর্মীর মৃত্যু

রাতে কাজ শেষে তিন কর্মচারী পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
সিএনজির ধাক্কায় আহত বিদ্যুৎকর্মীর মৃত্যু
সিএনজির ধাক্কায় আহত বিদ্যুৎকর্মীর মৃত্যু |প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান হারুন আলী (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (১৮ মে) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: শাহাদাত হোসেন।

এর আগে, গত বুধবার (১৩ মে) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হন বিদ্যুৎ বিভাগের আরো দুই কর্মচারী হেলপার নানু মিয়া (৪০) ও গাড়িচালক কামরুল ইসলাম (৩০)।

জানা যায়, রাতে কাজ শেষে তিন কর্মচারী পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত হারুন আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। সেখানে পাঁচ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ সোমবার তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা সিএনজিসহ চালককে আটক করে থানায় নিয়ে গেলেও পরে চালক পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা জানান, নিহতের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।