ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে বিজিবি মোতায়েন

বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় সৃষ্টিসহ নিরলসভাবে দায়িত্ব পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

Location :

Kishoreganj
প্রতীকী ছবি

প্রতিবছরের ন্যায় এবারো কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ জামাতের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

১৯৯তম এ ঈদ জামাত শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২০ মার্চ) বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি সীমান্তে নিরবিচ্ছিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে নির্ভরযোগ্যভাবে দায়িত্বপালন পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারো দেশের সর্ববৃহৎ এই ঈদ জামাতে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় সৃষ্টিসহ নিরলসভাবে দায়িত্ব পালন করবে।

এতে আরো বলা হয়েছে, ঈদ জামাতে আগত মুসল্লিদের নির্ধারিত প্রবেশপথ ব্যতীত অন্য পথ ব্যবহার না করা, কোনোপ্রকার ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক কোনোকিছু বহনে নিষেধ করা হয়েছে।

‘বিজিবি সর্বদাই সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে আসছে। এই বৃহৎ ঈদ জামাত বিজিবি ও অন্যান্য বাহিনীর সম্মিলিত সহযোগিতা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে,’ বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।