প্রধানমন্ত্রীর সফর : পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রের তীরে ব্যাপক জনসমাগম

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে নেতাকর্মীরা দলীয় পতাকা, টুপি, গেঞ্জি ও নানা ধরনের ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে উপস্থিত হন। নদের অপর পাড়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা থেকেও শত শত মানুষ এসে ভিড় জমান।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্রহ্মপুত্রের তীরে ব্যাপক জনসমাগম
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্রহ্মপুত্রের তীরে ব্যাপক জনসমাগম |নয়া দিগন্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে যোগ দেয়া প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে নদের তীরে নেমেছিল হাজারো উৎসুক মানুষের ঢল।

রোববার (১৬ আগস্ট) সকালে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই পাকুন্দিয়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ ব্রহ্মপুত্র নদের তীরে জমায়েত হতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে জনস্রোত বাড়তে থাকে এবং সকাল ১০টার মধ্যেই অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসভায় পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে নেতাকর্মীরা দলীয় পতাকা, টুপি, গেঞ্জি ও নানা ধরনের ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে উপস্থিত হন। নদের অপর পাড়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা থেকেও শত শত মানুষ এসে ভিড় জমান।

সকাল থেকে অনুষ্ঠানস্থলের আশপাশের সড়কগুলোতে গণপরিবহন চলাচল সীমিত থাকলেও পরিবহন সঙ্কট উপেক্ষা করে পায়ে হেঁটে মানুষ সভাস্থলে পৌঁছান। প্রধানমন্ত্রীকে কাছে থেকে দেখতে পেয়ে আনন্দ প্রকাশ করেন আগতরা।

প্রধানমন্ত্রী তার নির্ধারিত বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নেমে যাওয়ার পর উপস্থিত জনতা যখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই প্রধানমন্ত্রী পুনরায় মঞ্চে ওঠেন। তিনি মাইক হাতে নিয়ে মুনিয়ারীকান্দা-দত্তেরবাজার এলাকায় ব্রহ্মপুত্র নদের উপর বহুল কাঙ্ক্ষিত সেতু নির্মাণের ঘোষণা দেন। এই ঘোষণার সাথে সাথেই পুরো এলাকায় আনন্দের বন্যা বয়ে যায় এবং উপস্থিত জনতা উচ্ছ্বাসে ফেটে পড়েন।