বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হবে। পাশাপাশি বন্যাকবলিত এলাকায় বিভিন্ন ব্যাংক ও এনজিওর ক্ষুদ্রঋণের কিস্তি এক মাসের জন্য স্থগিত রাখার ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার সকালে বান্দরবান জেলা পরিষদ রেস্ট হাউস প্রাঙ্গণে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত এলাকার গৃহপালিত পশুর জন্য সরকারিভাবে বিনামূল্যে টিকা ও চিকিৎসাসেবা দেয়া হবে। সরকারের লক্ষ্য শুধু ত্রাণ বিতরণ নয়, ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত ফিরিয়ে আনা। এ লক্ষ্যে পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং কৃষি খাতের ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পরে তিনি জেলা শহরের বিভিন্ন এলাকা এবং রোয়াংছড়ি উপজেলার দুর্গম বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।



