সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলা (উত্তর) শাখার পৌর ইউনিটের ব্যানারে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আটজনকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা জেলা (উত্তর) শাখার পৌর ইউনিটের ব্যানারে কয়েকজন ঝটিকা মিছিল বের করে। এ সময় সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে আটজনকে ব্যানারসহ আটক করে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ।
আটকরা হলেন মো. ফিরোজ মিয়া (২৪), মো. রিয়াদ (১৮), মো. সোয়াদ (১৮), মো. মাসুম (১৮), মো. জিন্নাত (১৯), ইসমাইল হোসেন (২০), মো. তামিম সরকার (১৮) ও মো. সাকিন ইসলাম (১৮)।
ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান আটজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।


