ভ্যানচালককে মারতে গিয়ে পড়ে গেল মাদক, যুবককে পুলিশে সোপর্দ

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার মৌতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা

Location :

Kaliganj
মাদকসহ আটক মোস্তাফিজুর রহমান
মাদকসহ আটক মোস্তাফিজুর রহমান |নয়া দিগন্ত

সাতক্ষীরার কালিগঞ্জে রাস্তায় ভ্যান রাখার ‘অপরাধে’ এর চালককে মারধর করতে গিয়ে মাদকসহ জনতার কাছে ধরা খেলেন মোস্তাফিজুর রহমান (৩৬) নামে এক যুবক। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার মৌতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মোস্তাফিজুর রহমান শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের কাটিবারহল গ্রামের মির্জা জামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে মৌতলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন মোস্তাফিজ। এ সময় মৌতলা বাজার এলাকায় সামাদ শেখ নামে এক ভ্যানচালককে রাস্তায় ভ্যান রাখার অপরাধে ঘুষি মারেন তিনি। আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে মোস্তাফিজুরের কাছে থাকা চার বোতল ইউনিসিরেক্স সিরাপ নিচে পড়ে যায়। পরে বিষয়টি বুঝতে পেরে জনতা তাকে মোটরসাইকেলসহ আটক করে। তবে আটক হওয়ার পর মোটরসাইকেলটি তার নয় বলে দাবি করেন মোস্তাফিজ।

পরে মোটরসাইকেলের প্রকৃত মালিক মৌতলা গ্রামের রাফি কাজীর ছেলে কাজী নুরুননবী বাবু ঘটনাস্থলে এসে তার মোটরসাইকেলটি নিয়ে যান।

পরে স্থানীয়রা আটক মোস্তাফিজকে কালিগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্ততি চলছে।’