ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে অবৈধ কাঠ ও বাঁশ জব্দ

বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহীন আলম জানান, পার্বত্য অঞ্চলের বনজ সম্পদ রক্ষা এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ কাঠ ও বাঁশ চোরাচালান রোধে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
ফটিকছড়ির ধুরুং খালে কাঠ ও বাঁশ চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালায় সেনাবাহিনী
ফটিকছড়ির ধুরুং খালে কাঠ ও বাঁশ চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালায় সেনাবাহিনী |নয়া দিগন্ত

চট্টগ্রামের ফটিকছড়িতে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের একদল সেনাসদস্য এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকার বাইন্যাছড়া আর্মি ক্যাম্প থেকে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত ধুরুং খালে অভিযান চালানো হয়। অভিযানে ধুরুং খালে অবৈধভাবে মজুত করা ২৫০ পিস পাহাড়ি গোলকাঠ ও ৪০০ পিস বাঁশ উদ্ধার করা হয়। উদ্ধার করা অবৈধ কাঠ ও বাঁশ চট্টগ্রাম উত্তর বন বিভাগের নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তাদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহীন আলম জানান, পার্বত্য অঞ্চলের বনজ সম্পদ রক্ষা এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ কাঠ ও বাঁশ চোরাচালান রোধে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত বনজ সম্পদ বন বিভাগের হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।