আচরণবিধি লঙ্ঘন করে জাপার ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।

সোহাগ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা)

Location :

Gaibandha
যোগদান অনুষ্ঠান
যোগদান অনুষ্ঠান |নয়া দিগন্ত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।

‎মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত এ যোগদান অনুষ্ঠানটি চলে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার।

আতাউর রহমান আতা ও সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব মমিতুল হক নয়নসহ দলটির প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন ফারুক আলম সরকার।

‎সাঘাটা উপজেলার বিএনপির সদস্যসচিব সেলিম আহম্মেদ তুলিপের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবি টিটুল এবং শিক্ষাবিষয়ক সম্পাদক আসাদুল কবির রাঙ্গা।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ প্রমুখ।

‎নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এমন কর্মসূচির বিষয়ে জানতে চাইলে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল কবির নয়া দিগন্তকে জানান, বিষয়টি জানার পরে ম্যাজিস্ট্রেটসহ সেনাবাহিনীর টিম পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।