বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের প্রতিবাদে রংপুর মহানগরীতে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নগরীর ৩৬ জুলাই চত্বর থেকে মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
পরে বিক্ষোভ মিছিলটি নগর ভবন, কৈলাশরঞ্জন স্কুল মোড়, জেলা পরিষদ সুপার মার্কেট মোড়, পায়রা চত্বর, প্রেসক্লাব, জীবন বীমা মোড়, গ্রান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে শাপলা চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত আমির এ টি এম আদজম খান, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল, প্রচার ও মিডিয়া সম্পাদক অ্যাডভোকেট কাউসার আলী প্রমুখ।
তাদের অভিযোগ, সরকার একদিকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে রাষ্ট্রের অর্থ যাচ্ছেতাই ব্যবহার করছে। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি করছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য স্থিতিশীল রাখা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখার দাবি জানান বক্তারা। নইলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন তারা।



