পরিবেশের ভারসাম্য রক্ষা ও সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায় ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ১ এপ্রিল) সকালে উপজেলার বসন্তপুর এলাকায় এ কর্মসূচি উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। এ সময় জেলা প্রশাসনসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কপথকে সবুজে ঘেরা রাখতে ধারাবাহিকভাবে এ ধরনের বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে। শেখপাড়া-লাঙ্গলবাধ সড়কের ২৬ কিলোমিটার এলাকায় প্রায় ২ হাজার ৫০০টি চারা রোপণ করা হবে।
ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, জেলার প্রতিটি সড়কে পর্যায়ক্রমে সৌন্দর্যবর্ধক ও পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে ঝিনাইদহ জেলাকে একটি নান্দনিক ও পর্যটন সম্ভাবনাময় জেলায় রূপ দেয়ার লক্ষ্য নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় সড়ক ও জনপথ বিভাগকে স্বাগত জানানো হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে গ্রহণ করা প্রকল্পগুলোতে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।



