দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ১টায় পৌরসভার সামনে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন ফুলবাড়ী পৌর এলাকার চক শাহবাজপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মো: লুৎফর রহমানের ছেলে সোহাগ হোসেন (২৬) এবং বিরামপুর উপজেলার কুর্শাখালী বুকচী গ্রামের মরহুম নজমুল হকের ছেলে মো: তোজাম্মেল হক (৩৬)।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সোহাগ হোসেন পৌর শহরের ঢাকা মোড়ে মজনু হোটেলে কাজ করতেন এবং তোজাম্মেল হক পৌর শহরের নিমতলা মোড়ে রাজধানী হোটেলে কাজ করতেন। কাজ শেষে দু’জনে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা মোড় থেকে মোটরসাইকেলে করে পৌর শহরের পশ্চিম গৌরীপাড়ায় তাদের বাসায় যাচ্ছিলেন। পৌরসভার সামনে এলে বিরামপুর থেকে আসা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে পুলিশ তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তোজাম্মেল হকও মারা যান।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় নিহত সোহাগ হোসেন এর বড় ভাই রশিদুল ইসলাম সড়ক আইনে অজ্ঞাতনামা ট্রাকের চালক ও সহযোগীর নামে থানায় একটি এজাহার দাখিল করেছেন। শনিবার সকালে লাশ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



