মুন্সীগঞ্জ সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল কবির (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বজ্রযোগিনী নাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল নারায়ণগঞ্জের ফতুল্লার শাহী মহল্লা এলাকার বাসিন্দা। তিনি চা-পানের দোকান পরিচালনার পাশাপাশি মুন্সীগঞ্জ থেকে আলদির মাঠা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত নাজমুল হাসানকে গুরুতর অবস্থায় প্রথমে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, নিহতের লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



