চট্টগ্রাম মিরসরাইয়ের বারইয়ারহাট বাজারে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে বাজারের গ্রিন টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেকে) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ আলী ২ নম্বর হিংগুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেদীনগর এলাকার বাসিন্দা। তিনি বারইয়ারহাট বাজারের ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বারইয়ারহাট বাজারের দক্ষিণ পাশে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুজ্জামান জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।



