লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মজমুল (৪০) নামে এক পথচারী আহত হয়েছেন। বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন তিনি।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে জেলা শহরের ডালপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মজমুল সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের পানাতিপাড়া গ্রামের সফর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলে মোহন ও মোস্তাসহ পাঁচ থেকে ছয়জনের একটি কিশোর গ্যাং এলাকায় মাদক সেবনের জন্য জড়ো হয়। স্থানীয়রা প্রতিবাদ করলে তারা কিছু সময়ের জন্য সরে যায়। পরে আবার দেশীয় অস্ত্র নিয়ে ফিরে এসে এলাকায় তাণ্ডব চালায়। এ সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় মজমুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা কিশোর গ্যাংয়ের মূল হোতা মোহনকে ধরতে তার বাড়িতে অভিযান চালান। এ সময় মোহন পালিয়ে গেলেও তার বাবাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়রা দ্রুত কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।



