শ্রীনগরে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ পালালেন আ.লীগ নেতা

অভিযান চলাকালে পুলিশ সাব্বির শেখকে আটক করে এবং তার হাতে হ্যান্ডকাফ পরায়। এ সময় তার সমর্থকরা পুলিশকে ধাক্কা দিয়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছে পুলিশ।

Location :

Sreenagar

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ (৩৫)। ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সাব্বির শেখের বাড়িতে অভিযান চালায় শ্রীনগর থানা পুলিশ। পুলিশের দাবি, সেখানে বহিরাগতদের নিয়ে একটি গোপন বৈঠক চলছিল। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই রাজ্জাক ও এসআই শরিফুলসহ পুলিশের একটি দল।

অভিযান চলাকালে পুলিশ সাব্বির শেখকে আটক করে এবং তার হাতে হ্যান্ডকাফ পরায়। এ সময় তার সমর্থকরা পুলিশকে ধাক্কা দিয়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছে পুলিশ।

হামলায় এসআই রাজ্জাক আহত হন। এ সুযোগে সাব্বির শেখ হ্যান্ডকাফসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান এবং শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়াসহ অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার বিষয়ে জানতে ওসি জুয়েল মিয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ততার কথা জানিয়ে ফোন কেটে দেন। পরে আর তার বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। অভিযুক্ত সাব্বির শেখকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।