ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি শিক্ষাবিদ, গবেষক ও নাট্যব্যক্তিত্ব ড. ইসরাফিল শাহীন বলেছেন, ‘ভিসি হওয়াটা একটি কঠিন দায়িত্বভার, এতে আমি কোনো আত্মগৌরব অনুভব করি না। সকলের সহযোগিতায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত প্রতিষ্ঠানে রূপ দিতে চাই। কারণ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের জ্ঞান ও সম্ভাবনার আলোকবর্তিকা।’
মঙ্গলবার (১৯ মে) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক হলরুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
ড. ইসরাফিল শাহীন বলেন, ‘বর্তমান সরকারের উদ্যোগে ঠাকুরগাঁও জেলায় শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও শিল্পায়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মেডিক্যাল কলেজ স্থাপন, বিমানবন্দর চালুর উদ্যোগ এবং ইপিজেড গঠনের পরিকল্পনা এ অঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ঠাকুরগাঁও এখন একটি নতুন সকালের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এ অঞ্চলের মানুষ দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে এবং সে স্বপ্ন পূরণে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
মতবিনিময় সভায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভূয়সী প্রশংসা করেন ভিসি বলেন, ‘ঠাকুরগাঁওয়ের মানুষের সাথে মন্ত্রীর রয়েছে গভীর আত্মিক সম্পর্ক এবং তার আন্তরিক প্রচেষ্টার কারণেই এ অঞ্চলে উন্নয়নের নতুন ধারা সূচিত হয়েছে। তিনি আমার উপর আস্থা রেখেছেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ করার জন্য। সম্ভবত তারই পরামর্শে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এ বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ দিয়েছেন।’
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা, মতামত ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি সবাইকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সুনাম রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, প্রবীণ সাংবাদিক আব্দুল লতিফ, জাকির মোস্তাফিজসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নয়া দিগন্তের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রাফিক সরকার সদ্য নিয়োগপ্রাপ্ত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ইসরাফিল শাহীনকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, বর্তমান সরকার ক্ষমতায় আর পরই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়ে গেজেট প্রকাশ করে। ৭ মে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে দায়িত্ব নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। দায়িত্ব নেয়ার পর প্রাথমিক প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।



