সাভারে শিশু ধর্ষণের মামলায় বৃদ্ধ কারাগারে

গ্রেফতার শাহজাহান ঢাকা জেলার দোহার থানার সুতারপাড়া গ্রামের মরহুম ইরফান আলীর ছেলে। তিনি সাভারের বনগ্রামের পাছ বনগ্রাম রাশিদা মেম্বারের বাড়ির পাশে নিজ মুদি দোকানে থাকতেন।

Location :

Savar

সাভার (ঢাকা) সংবাদদাতা
ঢাকার সাভারে শিশু ধর্ষণের মামলায় গ্রেফতার বৃদ্ধ শাজাহানকে (৬০) কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে আসামিকে আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, বিদ্যালয়ের টিফিন বিরতিতে বিস্কুট কিনতে দোকানে গেলে বৃদ্ধ দোকানি শাহজাহান বিস্কুট দেয়ার কথা বলে শিশুটিকে জোরপূর্বক দোকানের ভেতর নিয়ে ধর্ষণ করে। বিদ্যালয় ছুটির পর শিশুটি বাড়িতে ফিরে পরিবারকে বিস্তারিত জানালে বিষয়টি প্রকাশ পায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর রাতেই উত্তেজিত জনতা অভিযুক্তকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত শাহজাহানের বিরুদ্ধে সাভার মডেল থানায় ধর্ষণ মামলা করা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার দেখায়।

গ্রেফতার শাহজাহান ঢাকা জেলার দোহার থানার সুতারপাড়া গ্রামের মরহুম ইরফান আলীর ছেলে। তিনি সাভারের বনগ্রামের পাছ বনগ্রাম রাশিদা মেম্বারের বাড়ির পাশে নিজ মুদি দোকানে থাকতেন।

মামলা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সাভার থানাধীন বনগ্রামের স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ভুক্তভোগী ছাত্রী দুপুরে টিফিনের সময় মুদি দোকানে বিস্কুট কিনতে যায়। এ সময় বৃদ্ধ দোকানদার মো: শাজাহান বিস্কুট দেয়ার কথা বলে শিশুটিকে জোরপূর্বক দোকানের ভেতর নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার দেয়ার চেষ্টা করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরেন। পরে এ ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি প্রদান করে।

পরে, শিশুটি বাড়িতে গিয়ে এ ঘটনা তার পরিবারের লোকদের জানালে, পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পরে পরিবারে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমরান হোসেন নয়াদিগন্তকে জানান, বৃহস্পতিবার গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, ভুক্তভোগী শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

ভিকটিম শিশুটির চাচা জানান, আমার ভাতিজি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। অভিযুক্ত শাহজাহান মুদি দোকানের ব্যবসা করেন। দোকানের দুইটি কক্ষের মধ্যে একটিতে শাহজাহান থাকতেন এবং অপরটিতে তার দোকান রয়েছে। দুপুরে স্কুলের টিফিন বিরতিতে বিস্কুট কিনতে গেলে অভিযুক্ত শাহাজাহান তাকে দোকানের ভেতর টেনে হেঁচড়ে নিয়ে ধর্ষণ করে।