খাগড়াছড়ি জেলার পানছড়িতে আসন্ন দুর্গাপূজা ও বিভিন্ন উৎসব আয়োজনে পাহাড়ে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতের লক্ষে লোগাং জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পানছড়ি বিজিবি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-র সদর দফতরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন লোগাং জোন ও ৩ বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।
সভায় জোন অধিনায়ক বলেন, ‘বিভিন্ন ধর্মীয় দিবসে সম্ভাব্য সহিংসতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বিত সহযোগিতা জোরদার রয়েছে। পাশাপাশি যেকোনো দুর্যোগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বিজিবি সদস্যরাও সম্পৃক্ত থাকবেন।’
তিনি আরো বলেন, ‘আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি জোরদার করা হচ্ছে। মাদক ও চোরাচালানসহ সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে আরো দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে। পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও আইন মেনে চলার মাধ্যমেই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব।’
সভায় পানছড়ি থানার ওসি মো: ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সুলতানা আক্তার, ৩ বিজিবির সহকারী পরিচালক মো: আব্দুল মতিন ও মো: শাহ আলম, উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ লিটন বৈষ্ণবসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



