মেহেরপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, সাংবাদিক এবং জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাসহ জেলার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। এতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয় এবং পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বার্তা উঠে আসে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট সাকিল আহমাদ। জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলাম সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মো: হাসনাত জামান সৈকত। বক্তব্য প্রদান করেন জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা খন্দকার মুইজ উদ্দিন এবং মেহেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. গাজী রহমান।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির মাওলানা মাহাবুব উল আলম, জেলা সেক্রেটারি ইকবাল হোসেন, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সদর উপজেলা আমির সোহেল রানা, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, জাসাসের সভাপতি বাকা বিল্লাহ, এবি পার্টির জেলা আহ্বায়ক রফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির শাহ আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে সমাজে পারস্পরিক সহমর্মিতা, ঐক্য ও ন্যায়ের পক্ষে কাজ করার আহ্বান জানান। ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



