সমিতির আমানত ফেরতের দাবিতে বিক্ষোভ, মাদারগঞ্জে প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন সমিতিতে আমানত রাখা গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে চলমান আন্দোলনের কারণে টানা দুইদিন সরকারি দফতরগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে।

Location :

Madarganj
সমিতির আমানত ফেরতের দাবিতে বিক্ষোভ, মাদারগঞ্জে প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা
সমিতির আমানত ফেরতের দাবিতে বিক্ষোভ, মাদারগঞ্জে প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন সমিতিতে আমানত রাখা গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে চলমান আন্দোলনের কারণে টানা দুইদিন সরকারি দফতরগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে।

আমানতকারীরা তাদের অর্থ ফেরতের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করেন।

সোমবার ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো গ্রাহক বিক্ষোভে অংশ নেন। তারা হাওয়াই রোড এলাকা থেকে মিছিল বের করে উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন।

আন্দোলনকারীরা বিভিন্ন সমিতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন এবং দ্রুত আমানতের অর্থ ফেরতের দাবি জানান।

পরিস্থিতির এক পর্যায়ে উপজেলা পরিষদ ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে ভবনের প্রবেশপথে তালা লাগানো হয়। ফলে বিভিন্ন সরকারি দফতরে সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। অনেক সেবাপ্রার্থী প্রয়োজনীয় কাজ সম্পন্ন না করেই ফিরে যেতে বাধ্য হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীদের একটি অংশ উপজেলা পরিষদ ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় সেবা নিতে আসা এক ব্যক্তির সাথে কয়েকজন আন্দোলনকারীর বাকবিতণ্ডা হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি শান্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে আন্দোলনকারীদের দাবিদাওয়া এবং সম্ভাব্য সমাধানের বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে টাকা উদ্ধার আন্দোলন কমিটির নেতারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তাদের দাবি, আমানতকারীদের অর্থ ফেরত না পাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। তবে আন্দোলন শান্তিপূর্ণভাবে পরিচালনারও আহ্বান জানান তারা।

আন্দোলনের মুখ্য সমন্বয়ক শিবলুল বারী রাজু বলেন, ‘এটি আমানতকারীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব।’

এদিকে আন্দোলনকারীদের সাথে বৈঠক শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট সমিতির মালিকদের সাথে যোগাযোগ করা হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে গ্রাহকদের প্রতিনিধিদের নিয়ে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা করা হবে।

উল্লেখ্য, উপজেলার কয়েকটি সমিতিতে আমানত রাখা হাজারো গ্রাহক দীর্ঘদিন ধরে তাদের অর্থ ফেরত না পাওয়ার অভিযোগ তুলে আন্দোলন করে আসছেন। এ দাবিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা।