৪৬ বছর পর মিনুকে মন্ত্রী হিসেবে পেল রাজশাহী মহানগরী

আধুনিক রাজশাহীর রূপকার হলেন মিজানুর রহমান মিনু ভাই। তাকে যথার্থভাবেই মূল্যায়ন করা হয়েছে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু
ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু |নয়া দিগন্ত

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এর মধ্যে দিয়ে দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী মহানগরীর মানুষ পূর্নাঙ্গ মন্ত্রী পেলেন।

মন্ত্রী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মিজানুর রহমান মিনু গণমাধ্যমকে বলেন, ‘মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি রাজশাহীবাসীর জন্য নিরলসভাবে কাজ করে যাব। আমি এখন আরো ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারবো।’

মাত্র ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র হন মিনু। টানা ১৭ বছর মেয়র ছিলেন। মেয়র থাকা অবস্থায় ২০০১ সালে তিনি রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য (এমপি) হন। এবার তিনি প্রথম মন্ত্রী হলেন। এতে দলমত-নির্বিশেষে রাজশাহীর সব মানুষ খুশি। তার মন্ত্রীত্বের খবরে নগরীর পাড়া-মহল্লায় মিষ্টি বিতরণ করা হয়।

এর আগে রাজশাহী জেলা মন্ত্রী পেলেও রাজশাহী সদর আসন অর্থাৎ রাজশাহী মহানগরীর মানুষ ৪৬ বছর পর এবার পূর্নাঙ্গ মন্ত্রী পেলেন। এর আগে ১৯৭৯ সালে জিয়াউর রহমানের মন্ত্রীসভায় এই আসন থেকে মন্ত্রী হয়েছিলেন এমরান আলী সরকার। তিনি ছিলেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের মন্ত্রী।

রাজশাহী জেলা এ পর্যন্ত পাঁচজন মন্ত্রী পেলেন। বিএনপির এমরান আলী সরকারের আগে স্বাধীনতা-পরবর্তী সময়ে সদর আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের এ এইচ এম কামারুজ্জামান বাণিজ্য, শিল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ছিলেন। এরশাদের মন্ত্রীসভায় খাদ্যমন্ত্রী, মৎস্য ও পশুপালনমন্ত্রী, ভূমিমন্ত্রী ও কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বাগমারা উপজেলার সরদার আমজাদ হোসেন। আর রাজশাহী-১ আসন থেকে নির্বাচিত বিএনপির ব্যারিস্টার আমিনুল হক ২০০১-০৬ সাল পর্যন্ত ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ছিলেন।

এই চারজন মন্ত্রীর পর মিনুকে পেল রাজশাহী। তার আগে রাজশাহী-৬ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের শাহরিয়ার আলম ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। আর ১৯৯১-৯৬ মেয়াদে রাজশাহী সদর আসন থেকে নির্বাচিত বিএনপির কবির হোসেন ভূমি প্রতিমন্ত্রী এবং ওই সংসদে রাজশাহী-১ আসন থেকে ব্যারিস্টার আমিনুল হক সংস্থাপন প্রতিমন্ত্রী ছিলেন। বাগমারার সরদার আমজাদ হোসেনও ১৯৮৬ সালে খাদ্য প্রতিমন্ত্রী হয়েছিলেন।

নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘আধুনিক রাজশাহীর রূপকার হলেন মিজানুর রহমান মিনু ভাই। তাকে যথার্থভাবেই মূল্যায়ন করা হয়েছে। এ জন্য আমরা রাজশাহীবাসীর পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই।’