বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম বলেছেন, সরকার গঠনের পর মাত্র ২১ দিনের মধ্যে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড সুবিধা চালু করেছেন।
তিনি বলেন, ‘নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতির মধ্যে প্রান্তিক জনগণ ও নিম্নবিত্তের উপকারে ফ্যামিলি কার্ড অন্যতম। সরকারের মাত্র ২১ দিনের মধ্যে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড সুবিধা চালু করেছেন। প্রাথমিকভাবে ১৪ উপজেলার মধ্যে আমার নিজ উপজেলা ভৈরবের এক হাজার ১০ পরিবারকে এই কর্মসূচিতে নিয়েছে এবং ইতোমধ্যে তারা কার্ডের টাকাও পেয়ে গেছে।’
মঙ্গলবার (১০ মার্চ) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিমুলকান্দিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শরীফুল আলম বলেন, ‘ভৈরবের যেসব পরিবার যোগ্য হিসেবে বিবেচিত হবে, পর্যায়ক্রমে তাদের সবাইকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো সরাসরি আর্থিক সহায়তা পাবে এবং এ অর্থ তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, স্থানীয় বিএনপির প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় মাসিক দু’ হাজার ৫০০ টাকা করে দেয়া হবে উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে। প্রথম পর্যায়ে ৩৭ হাজার ৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা দেয়ার জন্য নির্বাচন করা হয়েছে। বাসস



