পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে নাটোরের সিংড়ায় পুলিশের সামনেই দু’ পক্ষের দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ডাহিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ (৪৫) উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় প্রাইভেট কার ও বাড়ি-ঘর।
রোববার (২২ মার্চ) উপজেলার ডাহিয়া ইউনিয়নের মাধা বাঁশবাড়িয়া গ্রামে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কয়েক দফায় এই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
হামলায় আহত এক পক্ষের ডাহিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক ছাড়াও পাঁচজন হলেন— আক্তার হোসেন (৩৮), হাবিবুর (৫০), এমদাদুল হক (৩৫), রবিউল করিম (৪৫) ও রফিকুল ইসলাম (৬০)। আর অপর পক্ষের আহত দু’জন হলেন— রাসেল প্রামাণিক (২২) ও মাহবুব হোসেন (৩০)। আহতরা রাজশাহী, বগুড়া শহীদ জিয়া, নাটোর সদর ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাধা বাঁশবাড়িয়া গ্রামে ২০১৯ ও ২০০০ সালের দু’টি হত্যা মামলা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির কর্মী সুজাউদ্দৌলা সূর্য্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন লাবুর মধ্যে বিরোধ চলে আসছিল।
রোববার সকালে স্থানীয় কবরস্থানে যাতায়াতের রাস্তা নিয়ে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে সেখানে পুলিশের সামনেই দফায় দফায় সংঘর্ষ ও বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। এতে পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে বিকেল ৩টার দিকে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে বিএনপির কর্মী সুজাউদ্দৌলা সূর্য্য মোবাইলফোনে জানান, হত্যা মামলা তুলে নিতেই অন্যায়ভাবে তাদের ওপর এই হামলা করা হয়েছে। নতুন প্রাইভেট কার ও বাড়িঘর ভাঙচুর এবং পুলিশের সামনেই যুবদল নেতাকে মারধর করে তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
অন্যদিকে ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন লাবু জানান, তিনি আল্লাহর রাস্তায় চিল্লায় রয়েছেন। তার গ্রামে সংঘর্ষের ঘটনার সাথে তিনি জড়িত নন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর বলেন, পূর্বের হত্যা মামলা ও আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের দু’টি আলাদা মামলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



