চট্টগ্রাম নগরীর জলাবদ্ধ এলাকা পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

‘প্রবর্তক মোড়ে খাল নির্মাণের কারণে একটু জলাবদ্ধতা হয়েছিল। আকস্মিক অতিবৃষ্টির কারণে কিছুটা পানি জমাট বাঁধলেও স্বল্প সময়ে তা সরে গেছে।’

নয়া দিগন্ত অনলাইন
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী |সংগৃহীত

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ের জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন। তিনি আগামী বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতা না হয় এবং নগরবাসী যাতে স্বস্তিতে বসবাস করতে পারেন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।

আজ বুধবার সন্ধ্যার পর চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা: শাহাদাত হোসেনকে সাথে নিয়ে জলাবদ্ধ এলাকা পরিদর্শন শেষে তিনি স্বল্প সময়ের জলাবদ্ধতা নিয়ে সংবাদমাধ্যমে অতিরঞ্জিত খবর প্রকাশের সমালোচনা করে বলেন, প্রবর্তক মোড়ে খাল নির্মাণের কারণে একটু জলাবদ্ধতা হয়েছিল। আকস্মিক অতিবৃষ্টির কারণে কিছুটা পানি জমাট বাঁধলেও স্বল্প সময়ে তা সরে গেছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সিটি করপোরেশনের অনেক খালের মধ্যে ৩৬টি খাল সংস্কার, পুনঃর্নির্মাণ, পানি প্রবাহ ঠিক রাখার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর কাছে হস্তান্তর করা হয়। জনবলের ঘাটতি থাকার কারণে সিডিএ ২০১৬ সালে প্রকল্পটি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে বাস্তবায়ন শুরু করে। তারা মনে করেছিল ১৫ মে এর মধ্যে কাজটি সম্পন্ন করে রিটেইনিং ওয়ালটি উইথড্র করে নিয়ে খালটি সচল করবে। কিন্তু এর আগেই আকস্মিক বৃষ্টির কারণে সাময়িক জলাবদ্ধতা তৈরি হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটি গভর্নমেন্টের দাবি নতুন নয়। এটা প্রায় ১৫-৩০ বছরের দাবি। বিএনপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র ৭০ দিন হয়। এটা নিয়ে আমরা গবেষণা করব।

প্রয়োজনে টেকনিক্যাল কমিটি করব। বিশেষজ্ঞ কমিটি করব। সব মিলিয়ে আমরা দেখব। সিটি গভর্নমেন্ট যদি জনগণের জন্য মঙ্গল হয়, তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী, উনি এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেবেন। বাসস