রংপুরে অনলাইনে এসএসসির ভুয়া প্রশ্নপত্র বিক্রয়কারী শিক্ষার্থীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) দুপুরে নগরীর শালবন মিস্ত্রিপাড়ার একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়।
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তি বলেন, ‘পুলিশ হেড কোয়ার্টারের এলআইসি শাখার অনুসন্ধানের তথ্য ধরে আমরা ওই শিক্ষার্থীকে গ্রেফতার করি। তিনি নগরীর আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক শাখার দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। শিশু আইনের বিধান অনুযায়ী তার নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হলো না। তার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ির নাওডাঙ্গা এলাকায়।’
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার শিক্ষার্থী অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করেছে। তার ব্যবহৃত স্মার্টফোনে সংশ্লিষ্ট কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে এবং বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টেও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে অনলাইনে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।



