ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবি

লংগদুতে বাবা নিখোঁজ, ছেলে জীবিত উদ্ধার

ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, এ সময় দূর থেকে একটি ট্রলার ঘটনাস্থলে এগিয়ে এসে বাবার হাতে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে প্রচণ্ড ঢেউ ও ঝড়ের কারণে শিশুটির বাবা সালামকে উদ্ধারের আগেই তিনি পানিতে তলিয়ে যান।

Location :

Rangamati
প্রচণ্ড ঢেউ ও ঝড়ের কারণে সালাম পানিতে ডুবে যান, তাকে উদ্ধারে অভিযান চলছে
প্রচণ্ড ঢেউ ও ঝড়ের কারণে সালাম পানিতে ডুবে যান, তাকে উদ্ধারে অভিযান চলছে |নয়া দিগন্ত

লংগদু (রাঙামাটি) সংবাদদাতা

রাঙামাটির লংগদুতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে সালাম (২৮) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার চার বছর বয়সি ছেলেকে জীবিত উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিখোঁজ সালামকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের অভিযান চলছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

স্থানীয় গুলশাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, সালাম মাইনী বাজার থেকে নৌকাযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে হঠাৎ ঝড় শুরু হলে প্রবল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় তিনি চার বছর বয়সি ছেলেকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেন।

ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, এ সময় দূর থেকে একটি ট্রলার ঘটনাস্থলে এগিয়ে এসে বাবার হাতে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে প্রচণ্ড ঢেউ ও ঝড়ের কারণে শিশুটির বাবা সালামকে উদ্ধারের আগেই তিনি পানিতে তলিয়ে যান।

পরে উদ্ধার হওয়া শিশুটিকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান বলেন, শিশুটির পেটে প্রচুর পানি ঢোকায় প্রাথমিকভাবে কিছুটা জটিলতা দেখা দেয়। প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পর বর্তমানে শিশুটি ভালো আছে।

লংগদু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, রাঙামাটি থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ডুবুরি দল পৌঁছালে নিখোঁজ সালামকে উদ্ধারে অভিযান শুরু করা হবে। তবে এরই মধ্যে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চলছে।