মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জে সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজহার আলী মণ্ডল (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়নের চর শুভগাছা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজহার ওই এলাকার মরহুম তফিল মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে আজহার ধানক্ষেতে ফিতা পাইপ দিয়ে পানি দেয়ার জন্য সেচপাম্প চালু করতে যান। মোটরের সুইচ দেয়ার পরপরই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়েন। এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান।
পরে জামালপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আজহারকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই ভুট্টো মণ্ডল বলেন, ‘মোটরসহ পুরো জায়গাটিই বিদ্যুতায়িত হয়ে ছিল। কলের হাতলে হাত দেয়ার সাথে সাথে আজহার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। মাদারগঞ্জ থেকে জামালপুরে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হাবিবুর রহমান মিস্টার বলেন, ‘সকাল ৭টার পর মোটরচালিত সেচপাম্প চালাতে গিয়ে আজহার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে জামালপুরে রেফার্ড করা হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’



