মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে আটজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের সেলিম হাওলাদার ও সোহরাব বেপারীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। ২০টি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে আটজন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী।
আহতদের মধ্যে ফারুক বেপারী (৫৫), ইমরান মাতুব্বর (৩২), কালু বেপারী (৬৫) ও রিয়ন বেপারীকে (১৮) উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রোকন হাওলাদার (৩৫) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানী ঢাকা মেডিক্যালে প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক। বাকি আহত সেলিমা হাওলাদার, আলবিদ হাওলাদার, তুষার হাওলাদারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



