নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের বৃষ্টিধারা খাল থেকে মধ্য বয়স্ক অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ মার্চ) সকাল ৯টায় জালকুড়ি এলাকার ওই খালে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ জানায়, সকালে খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টেরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘উদ্ধার হওয়া লাশটি একজন মধ্যবয়স্ক পুরুষের। বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশে পচন ধরায় আঘাতের চিহ্ন আছে কিনা তা বুঝা যায়নি। তার পরনে ছিল কালো প্যান্ট ও ফুল হাতা গেঞ্জি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’



