কটিয়াদীতে একই রাতে মা-ছেলের মৃত্যু

শাহীনের ভাই মোস্তফা কামাল বলেন, ‘আমার মা খুবই অসুস্থ ছিলেন। গত শনিবার রাতে বিষয়টি আমার বড় ভাই শাহীনকে জানানোর পর থেকেই তিনি চিন্তিত ছিলেন। পরে রাত ২টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়, সেখানে তিনি মারা যান। এই সংবাদটি মাকে জানানো হলে তিনিও মারা যান।’

ফখর উদ্দিন ইমরান, কটিয়াদী (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
আলতাফ উদ্দিন শাহীন (৫৫)
আলতাফ উদ্দিন শাহীন (৫৫) |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। ছেলের মৃত্যুর সংবাদ শুনে শোক সইতে না পেরে কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন তার মা।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে কটিয়াদী উপজেলার সহশ্রম ধুলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন শাহীন (৫৫) হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে গাজীপুরের তায়রুননেসা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর চার ঘণ্টার মধ্যে মা জুবাইদা মনিও (৮০) মারা যান।

শাহীন সহশ্রম ধুলদিয়া রায়খলা গ্রামের মরহুম মনির উদ্দিনের ছেলে। মা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পরিবারের সদস্যদের ধারণা, ছেলের মৃত্যুর শোক সহ্য করতে না পেরেই মায়ের মৃত্যু হয়েছে।

শাহীনের ভাই মোস্তফা কামাল বলেন, ‘আমার মা খুবই অসুস্থ ছিলেন। গত শনিবার রাতে বিষয়টি আমার বড় ভাই শাহীনকে জানানোর পর থেকেই তিনি চিন্তিত ছিলেন। পরে রাত ২টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়, সেখানে তিনি মারা যান। এই সংবাদটি মাকে জানানো হলে তিনিও মারা যান। ঘটনার পর থেকে আমাদের পরিবার শোকে প্রায় বাকরুদ্ধ।’

শাহীনের চাচাতো ভাই মাওলানা আল মামুন জানান, ‘রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন বাড়িতে থাকতেন না। তিনি গাজীপুরে বসবাস করতেন। তবে সুযোগ পেলেই মাকে দেখতে বাড়িতে আসতেন। তার প্রতি মায়ের গভীর টান ছিল। সেই টান থেকেই ছেলের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি। মাত্র চার ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে পুরো এলাকা শোকে মুহ্যমান হয়ে আছে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।’