‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে’—এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বঙ্গসোনাহাট বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নবাসী এই মানববন্ধনের আয়োজন করে। মাদকের আগ্রাসন রুখে দিতে শপথ বাক্য পাঠ করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করান কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গসোনাহাট ইউনিয়নে হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। মাদকের সহজলভ্যতা কিশোর, তরুণ ও যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক সেবনকারীরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। পরিবার, সমাজ ও ইউনিয়ন জুড়ে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। মাদক কারবারিদের আইনের আওতায় না আনা হলে মাদক নির্মূল করা যাবে না। মানববন্ধনে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ সময় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, সোনাহাট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আক্তার, ভূরুঙ্গামারী থানার ওসি আজিমুদ্দিন, সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান নান্নু, সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ব্যাপারী, উপজেলা জামায়াতের যুববিভাগ সভাপতি আবু হেনা মাসুম ও সোনাহাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বঙ্গসোনাহাট ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।



