নিখোঁজের তিন মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি পুকুরের কচুরিপানার মধ্য থেকে তাহিদুল মোল্যা (৩০) নামের এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলার পূর্ব ভাকুড়ী গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তাহিদুল মোল্যা মুকসুদপুর উপজেলার লতিফপুর গ্রামের আক্তার মোল্যার ছেলে।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ১৬ ডিসেম্বর মাছ ধরতে বাড়ি থেকে বের হন তাহিদুল মোল্যা। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। এ ব্যাপারে পরিবারের লোকজন মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করলে সাকিব শেখ নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে আজ সোমবার দুপুরে সুমন নামের এক ব্যক্তি ওই পুকুর পরিষ্কার করতে গেলে কচুরিপানার মধ্যে গলিত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, পরিবারের লোকজন লাশটি তাহিদুল মোল্যার বলে শনাক্ত করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।



