নাসিরনগরে মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষ, আহত ৬

শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ইছাপুর বাইতুন নুর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Nasirnagar

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মসজিদের অর্থ দিয়ে কুরবানির ছুরি কেনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ইছাপুর বাইতুন নুর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহায় কুরবানির জন্য মসজিদের টাকায় স্থানীয় বাসিন্দা সফিল উদ্দিন একটি ছুরি কিনে মসজিদের ইমামকে দেন। বিষয়টি নিয়ে গ্রামের অনেকেই অবগত ছিলেন না।

শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের আজিম উদ্দিন বিষয়টি মুসল্লিদের সামনে তুলে ধরেন। এ নিয়ে সফিল উদ্দিন ও আজিম উদ্দিনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

সংঘর্ষে সফিল উদ্দিন পক্ষের রহিমা বেগম, শরীফ, শিমুল আক্তার ও নিজাম আলম আহত হন। অপরদিকে আজিম উদ্দিন পক্ষের যদু মিয়া ও হুমায়ুন কবির আহত হয়েছেন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত যদু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।