প্রতিবেশীকে খুন করতে এসে না পেয়ে ২টি গরুকে কুপিয়ে জখম

বরগুনার আমতলীতে বাহাদুর প্যাদা নামে এক প্রতিবেশীকে হত্যা করতে এসে তাকে না পেয়ে তার দুইটি গরুকে কুপিয়ে জখমের অভিযোগ ওঠেছে।

আমতলী (বরগুনা) সংবাদদাতা

Location :

Amtali
প্রতিবেশীকে খুন করতে এসে না পেয়ে ২টি গরুকে কুপিয়ে জখম
প্রতিবেশীকে খুন করতে এসে না পেয়ে ২টি গরুকে কুপিয়ে জখম |নয়া দিগন্ত

বরগুনার আমতলীতে বাহাদুর প্যাদা নামে এক প্রতিবেশীকে হত্যা করতে এসে তাকে না পেয়ে তার দুইটি গরুকে কুপিয়ে জখমের অভিযোগ ওঠেছে। ছত্তার হাওলাদার নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টার দিকে তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের হুলাটানা গ্রামে বাহাদুর প্যাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছত্তার হাওলাদার ও তার সহযোগিরা হুলাটানা গ্রামের শহীদ তালুকদারের এক একর জমি জোরপুবর্ক দখল করে ঘের কাটছিল। এতে গত ২০ মে উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদুল ইসলাম ঘের কাটতে নিষেধাজ্ঞা দেয়। ঘের কাটার নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ নেতা ছত্তার হাওলাদার ও তার সহযোগীরা প্রতিবেশী বাহাদার প্যাদাকে সন্দেহ করেন। এরপর বিভিন্ন সময় ছত্তার হাওলাদার ও তাদের সহযোগীরা বাহাদুরকে গুলি করে হত্যার হুমকি দেয়।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাহাদুরকে হত্যা করতে ছত্তার হাওলাদারের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে আসে। এ সময় তাকে বাড়িতে না পেয়ে তার দুইটি গরুকে কুপিয়ে জখম করে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ছত্তার হাওলাদারের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে এসে বাহাদুরকে খুঁজতেছিল। তাকে না পেয়ে তার দুইটি গরুকে কুপিয়েছে।

বাহাদুর প্যাদা বলেন, আমাকে আওয়ামী লীগ নেতা ছত্তার হাওলাদারের লোকজন বিভিন্ন সময় গুলি করে হত্যার হুমকি দিয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ছত্তার হাওলাদারের নেতৃত্বে হামেজ মৃধা, নাশির মৃধা, জসিম মৃধা, জুয়েল হাওলাদার ও নজরুলসহ ২০-২৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে আমাকে হত্যা করতে আমার বাড়িতে আসে। আমাকে না পেয়ে আমার দুইটি গরু কুপিয়ে জখম করেছে। আমি এ ঘটনায় তাদের শাস্তি দাবি করছি।

বক্তব্য জানতে অভিযুক্ত ছত্তার হাওলাদারের মোবাইলে কল দিলে তার বড় মেয়ে লাইলী বলেন, বাবা ফোন রেখে কোথায় যেন গেছে।

বাহাদুরের সাথে তার বাবার কী হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার সাথে কিছুই হয়নি। এ কথা বলেই তিনি ফোনের সংযোগ কেটে দেন।

তালতলী উপজেলা প্রাণী সম্পদ উপসহকারী অফিসার সঞ্জয় সিকদার বলেন, গরুর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। গরুর যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইদুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।