অপহরণের ৩ দিন পর দর্শনায় শেকল বাঁধা অবস্থায় এক ব্যক্তি উদ্ধার

উদ্ধার হওয়া ব্যক্তি মো: বিপুল (৪৫) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের আব্দুল সাত্তার মন্ডলের ছেলে।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

Location :

Chuadanga
দর্শনায় শেকল বাঁধা অবস্থায় উদ্ধার বিপুল
দর্শনায় শেকল বাঁধা অবস্থায় উদ্ধার বিপুল |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় রহস্যজনক অপহরণের তিন দিন পর দর্শনা থেকে শেকল বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও নানা প্রশ্ন।

উদ্ধার হওয়া ব্যক্তি মো: বিপুল (৪৫) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের আব্দুল সাত্তার মন্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি চুয়াডাঙ্গা সদর পোস্ট অফিস এলাকায় ছিলেন। সেখান থেকেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর থেকেই তার কোনো খোঁজ মেলেনি। পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় একটি মিসিং জিডি করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে দর্শনা পৌরসভার হঠাৎপাড়া এলাকার পাকা রাস্তার পাশে পায়ে শিকল বাঁধা অবস্থায় বিপুলকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রথমে দূর থেকে দেখে অনেকে ভেবেছিলেন কোনো ভবঘুরে ব্যক্তি পড়ে আছেন। কাছে গিয়ে হাত-পায়ে শিকল বাঁধা অবস্থায় দেখে হতবাক হয়ে যান তারা।

স্থানীয়রা বলেন, রাতের অন্ধকারে রাস্তার পাশে একজন মানুষ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। কাছে গিয়ে দেখি পায়ে শিকল বাঁধা। তখনই আমরা পুলিশে খবর দেই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে দর্শনা থানা পুলিশ তাকে উদ্ধার করে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দর্শনা হঠাৎপাড়া এলাকা থেকে হাত-পায়ে শিকল বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আলমডাঙ্গা থানায় তার নিখোজ সংক্রান্ত একটি জিডি ছিল। বিষয়টি জানার পর তাকে আলমডাঙ্গা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন,

তিন দিন আগে পরিবারের পক্ষ থেকে একটি মিসিং জিডি করা হয়েছিল। আমরা দর্শনা থানার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়েছি। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপরই প্রকৃত ঘটনা জানা যাবে।