বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে টিকতে না পেরে ফিশিংবোটবহর সুন্দরবনসহ উপকূলে নিরাপদ আশ্রয় নিয়েছে। দীর্ঘ ৫৮ দিনের অবরোধ শেষে সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ফিরে আসতে হয়েছে জেলেদের।
সুন্দরবনের দুবলার ভেদাখালী খালে নিরাপদ আশ্রয়ে থাকা বাগেরহাটের বগা এলাকার ফিশিংবোটের মাঝি নজরুল ইসলাম শুক্রবার দুপুরে মোবাইল ফোনে বলেন, ‘সাগরে গত দু’দিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। প্রবল পূবালী বাতাসে বড় বড় ঢেউয়ের কারণে সাগর উত্তাল হওয়ায় ফিশিংবোটবহর সাগরে টিকতে না পেরে উপকূলের দিকে নিরাপদ আশ্রয়ে ছুটেছে। কতিপয় ফিশিংবোট সুন্দরবনের মেহেরআলী, আলোরকোল, ভেদাখালীসহ বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে।’
শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, ‘বঙ্গোপসাগরে এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। উত্তাল সাগরে টিকতে না পেরে কয়েকশ ফিশিংবোট রায়েন্দা, মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা, পাথরঘাটা উপকূলসহ সুন্দরবনের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। দীর্ঘ ৫৮ দিনের অবরোধ শেষে ফিশিংবোটবহর সাগরে মাছ ধরতে গিয়েই দুর্যোগের কবলে পড়েছে।’
শরণখোলা রাজৈর মৎস্যঘাটের আড়ৎদার কবীর হোসেন বলেন, ‘সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করায় ফিশিংবোটবহর সাগরে না গিয়ে দুই দিন ধরে রায়েন্দা মৎস্যঘাটে নোঙর করে আছে।’
বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ছেন। উত্তাল সাগরে টিকতে না পেরে ফিশিংবোটবহর উপকূলের দিকে ছুটে আসছে।’



