জামালপুরের মেলান্দহ উপজেলায় সাত বছর বয়সী ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে আলমগীর (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের বাকাই এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ওই যুবক একই এলাকার মাহাম শেখের ছেলে।
জানা যায়, গতকাল সোমবার বিকাল ৩টার দিকে শিশুটি আলমগীরের দোকানে সদাই (পণ্য) কিনতে যায়। নিজের দোকান থেকে আরো সদাই দেয়ার কথা বলে ঘরের ভেতরে ডেকে নিয়ে সেখানেই তাকে বলাৎকার করে বলে জানানো হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঘটনাটি জানাজানি হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে নিজ বাড়ি থেকে অভিযুক্ত আলমগীরকে আটক করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘অভিযুক্তকে আটক করে নিয়ে আসা হয়েছে। ভিকটিম বা বাদীপক্ষ কেউ আসেনি। এ ঘটনায় তদন্ত চলছে।’



