পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা ও মাথাবিহীন অবস্থায় উদ্ধার হওয়া যুবকের লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
নিহতের নাম গোপাল চন্দ্র দাস (৪০)। তিনি বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গনপাড়া গ্রামের পরিমল চন্দ্র দাসের ছেলে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে পিরোজপুরের পুলিশ সুপার মো: মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহভাজন কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে সম্রাট ও মো: রাজুর নাম জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের মামুন মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে নদীর তীর থেকে গলাকাটা ও মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়।



