জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য (এমপি) অধ্যাপিকা মাহফুজা হান্নান সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও বিশ্বনাথ উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেছেন।
সোমবার (২৫ মে) দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলা সদরের একটি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ আর্থিক সহায়তা বিতরণ করেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপির বরাদ্দ থেকে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজা হান্নান এমপি বলেন, ধনী, গরিব, সচ্ছল, অসচ্ছল সবাইকে নিয়েই আমাদের সমাজ। আমরা চাই সবার সম্মিলিত প্রচেষ্টাতেই এগিয়ে যেতে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলস্রোতে নিয়ে আসতে সরকার ও বিত্তশালীদের দায়বদ্ধতা আছে। আমাদের সবার নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি রুজিনা বেগম, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসেন, জৈন্তাপুর উপজেলা আমির মাওলানা গোলাম কিবরিয়া।
এসময় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীলারা উপস্থিত ছিলেন।
এদিকে, বিশ্বনাথ উপজেলার সুবিধাবঞ্চিতদের মাঝে অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপির পক্ষ থেকে উপজেলা জামায়াত আমির সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী অর্থ সহায়তা বিতরণ করেন।
এসময় বিশ্বনাথ পৌর জামায়াতের নায়েবে আমির আব্দুস সোবহান মেম্বার, উপজেলা নায়েবে আমির মাস্টার ইমাদ উদ্দিন, সেক্রেটারি মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।



