গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে মাদারীপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে শহরের মডেল মসজিদের সামনে প্রথমে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরান বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির মোখলেছুর রহমান বলেন, ‘একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনের জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ দু’টি ব্যালটে ভোট দিয়েছিল— একটি গণভোট ও অন্যটি সংসদ নির্বাচনের প্রার্থীর জন্য। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সরকার গণভোটের রায়কে অস্বীকার করছে।’
তিনি আরো বলেন, ‘গণভোটের মূল দাবি ছিল দেশকে ফ্যাসিবাদমুক্ত করা। গণভোটকে অস্বীকার করা হলে তার পরিণতি ভালো হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।’
মাদারীপুর জেলা জামায়াতের আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য মুফতি আ: ছোবহান খান, জাকাপার সভাপতি শওকাতুজ্জামান মৃধা, বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি মেজবাউল ইসলাম, মাদারীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান খান, এনসিপি নেতা হাফেজ মোহাম্মদ হাসিবুল্লাহ, জামায়াতে ইসলামের হুমায়ুন কবির ও মাওলানা আলমগীর হোসেন প্রমুখ।



