নিসচার প্রতিবেদন

আগস্টে সিলেটের সড়কে প্রাণ গেল ২৬ জনের

আগস্টে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সিলেট জেলায়। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন শিশু।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet ,Sylhet
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর লোগো
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর লোগো |সংগৃহীত

আগস্ট মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৮২ জন আহত হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিভাগের সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় ও কম সংঘটিত হয়েছে হবিগঞ্জ জেলায়। আগস্ট মাসে সিলেট জেলায় ১৩টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছে। সুনামগঞ্জ জেলায় চারটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ছয়টি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। হবিগঞ্জ জেলায় তিনটি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু নয়া দিগন্তকে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দু’টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও আটজন সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনাচালক ও আরোহী, ১২ জন চালক ও চারজন পথচারী রয়েছে। সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ছয়টি দুর্ঘটনায় চারজন, মুখোমুখি সংঘর্ষে আটটি দুর্ঘটনায় ১০ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সাথে ধাক্কায় তিনটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

এছাড়া আগস্ট মাসে নিহত ২৬ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গত জুলাই মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৬১ জন আহত হয়েছিলেন।