নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দেবর আলাল মিয়া (৪৫) তার পরিবারের সদস্যদের হামলায় ভাবি নাসিমা বেগম (৪২) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর দেবর আলাল মিয়া, আলাল মিয়ার স্ত্রী জোৎস্না বেগম (৪০) ও তাদের মেয়ের জামাই শাকিল মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়েছে।
নিহত নাসিমা বেগম আমলাবো এলাকার বাবুল মীরের স্ত্রী। তাদের সংসারে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।
পুলিশ জানায়, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার জালাল মিজির ছেলে আলাল মিয়া ও তার বড় ভাই বাবুল মীরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে বাবুল মীরের স্ত্রী নাসিমা বেগমের সাথে দেবর আলাল মিয়ার তর্ক-বিতর্ক ও বাগ্বিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে ধাক্কাধাক্কি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
একপর্যায়ে আলাল মিয়া, তার স্ত্রী জোৎস্না বেগম ও মেয়ের জামাই শাকিল মিয়া লোহার রড, এসএস পাইপ দিয়ে নাসিমা বেগমের ওপর উপর্যুপরি হামলা চালায়। এ সময় নাসিমা বেগম আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। নাসিমা বেগমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে নাসিমা বেগমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা নাসিমা বেগমকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, আমলাবো এলাকায় দেবর-ভাবির হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় পাঁচজনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্রেফতার আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।



