নড়াইল সরকারি মহিলা কলেজ এলাকায় ব্যাটারিচালিত ইজিভ্যানের সাথে গরুবোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে জামির খান (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নড়াইল-মাগুরা সড়কের নড়াইল সরকারি মহিলা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামির সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের খোকা খানের ছেলে।
আহতরা হলেন— সদর উপজেলার চৌগাছা গ্রামের নসিমন চালক ও গরু ব্যবসায়ী মিজান শেখ (৩০), একই গ্রামের গরু ব্যবসায়ী সুলতান শেখ (৩২), লোহাগড়া উপজেলার সরুশুনা গ্রামের ইজিভ্যান চালক শিহাব ও তার স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে গরু ব্যবসায়ী জামির, মিজান ও সুলতান সদর উপজেলার মাইজপাড়া পশুহাট থেকে নসিমনে করে তিনটি গরু নিয়ে নড়াইল শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল-মাগুরা সড়কের নড়াইল সরকারি মহিলা কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিভ্যানের সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গরু ব্যবসায়ী জামির নিহত এবং অন্যরা সামান্য আহত হন। এছাড়া নসিমনে থাকা গরু তিনটিও অক্ষত আছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ দুর্ঘটনায় নিহত জামিরের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।’



