বানারীপাড়া পৌর জামায়াতের ক্রীড়া সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Location :

Banaripara
বানারীপাড়া পৌর জামায়াতের ক্রীড়া সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বানারীপাড়া পৌর জামায়াতের ক্রীড়া সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন |সংগৃহীত

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশালের বানারীপাড়া পৌর জামায়াতের ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান মিঠুর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার (৪ জুন) বিকেল ৫টার দিকে বানারীপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হামলাকারী কামরুলের বিচারের দাবিতে পৌর জামায়াত এ সংবাদ সম্মেলন করে।

এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মো: মোকাম্মেল হক মোজাম্মেল, পৌর আমির মো: কাওসার হোসেন, বায়তুল মাল সম্পাদক মো: জুয়েল, ক্রীড়া বিষয়ক সম্পাদক ও হামলার শিকার নুরুজ্জামান মিঠু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুর রব প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে নেতারা জানান, গত ৩ জুন (মঙ্গলবার) সকালে বানারীপাড়া পৌর ভবনে পৌর নাগরিক কমিটির সদস্য ও পৌর জামায়াতে ইসলামীর ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান মিঠু অন্য সদস্যদের সাথে ঈদ-উল আজহা উপলক্ষে ভিজিডির চাল বিতরণ করছিলেন। এ সময় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবির মিয়ার ছেলে কামরুল ও একই ওয়ার্ডের আ: রবের ছেলে শুভর নেতৃত্বে ৮/১০ জনের একটি দল সেখানে উপস্থিত হয়ে নাগরিক কমিটির সদস্য মিঠু ও রুনু বেগমকে অকথ্য ভাষায় গালি-গালাজ ও একপর্যায়ে মিঠুকে শার্টের কলার ধরে সেখান থেকে ফিল্মি স্টাইলে বের করে এনে তার ওপর হামলা চালানো হয়। এ সময় মিঠুকে বেধরক মারধর করে তারা। এমনকি ওই সময় কামরুল ও শুভ জামায়াতে ইসলামীকে নিয়ে ও খারাপ ভাষায় গালি-গালাজ করে। এ সময় পৌরভবনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে হামলাকারীরা খুন ও জখমের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।

হামলার কারণে ওই দিন সাময়িক চাল বিতরণ বন্ধ করে দেয়া হয়। ওইদিন (৩ জুন) এ ঘটনায় কামরুলের বিরুদ্ধে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এদিকে হামলার ঘটনায় ৪ জুন বিকেলে কামরুল ও শুভ গংদের বিচারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে জামায়াত নেতারা।

বানারীপাড়া উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতারা এ ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে প্রশাসনের কাছে কামরুল ও শুভসহ সকল দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।