ঢাকার ধামরাইয়ে বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা ও উন্মুক্ত কনসার্টের মাধ্যম বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব অনুষ্ঠান আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বৈশাখী র্যালি শুরু হয়। র্যালি শেষে সকাল ৯টার দিকে উপজেলা মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীরা অংশ নেন। এছাড়া উপজেলা চত্বরে সকাল থেকে দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় ২০টি স্টল অংশ নেয়। শেষে উপজেলা মুক্তমঞ্চে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত কনসার্ট আয়োজন করা হয়।
ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের জাতীয় সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা, নির্বাচন কর্মকর্তা এস এম সাদিকুর ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এ এম হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোহিতুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।



