চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এ ঘটনায় আশপাশের আরো কয়েকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় বড় ধরনের অগ্নিকাণ্ড এড়ানো সম্ভব হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ২ নম্বর বারশত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের পুরাতন মাদরাসা বড়বাড়ি এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আবুল কামাল জানান, আগুনে তার ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের আগে মসজিদের মাইকে আগুনের ঘোষণা শোনা মাত্র এলাকাবাসী ছুটে আসেন। তারা টিনের চাল খুলে পাইপ ও বালতির সাহায্যে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। দ্রুত উদ্যোগ না নিলে আগুন পাশের ঘরগুলোতেও ছড়িয়ে পড়ত বলে আশঙ্কা ছিল।
ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো: আব্দুল্লাহ জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে আগুনের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায় ১০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।



