সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় জাতীয় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদের সামনে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কুমিল্লার সড়ক ও জনপথ বিভাগ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১০৪ কিলোমিটার এলাকাজুড়ে পর্যায়ক্রমে প্রায় ১৫ হাজার গাছ রোপণ করা হবে। এসব গাছের মধ্যে রয়েছে— সোনালু, বকুল, কাঞ্চন, কৃষ্ণচূড়া, জারুল ও পলাশসহ নান্দনিক ও পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতি। বর্ষা মৌসুমজুড়ে মহাসড়কের ডিভাইডার ও সড়কের দুই পাশে এসব গাছ লাগানো হবে বলে জানানো হয়।
মহাসড়ককে দৃষ্টিনন্দন করে তোলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা সংশ্লিষ্টরা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এ সময় কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



