মুলাদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের মুলাদীতে ছৈলা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ গোলইভাঙ্গায় ছৈলা নদীর ভাঙন কবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তাদের বক্তব্যে ছৈলা নদীর ভাঙন থেকে বসতবাড়ি, ফসলি জমি ও জনপদ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ছৈলা নদীর ভাঙনে এলাকার মানুষ মারাত্মক দুর্ভোগে রয়েছেন। নদী ভাঙন অব্যাহত থাকলে বসতভিটা ও কৃষিজমি হারিয়ে বহু পরিবার বিপদের মুখে পড়বে। তাই জরুরি ভিত্তিতে স্থায়ী নদীপাড় রক্ষা বাঁধ নির্মাণসহ ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বক্তারা দাবি করেন, ছৈলা নদীতে টেকসই তীর সংরক্ষণ ও স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে এ জনপদকে নদীভাঙনের কবল থেকে রক্ষা করতে হবে।
এ সময় বক্তারা মুলাদি বাবুগঞ্জের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনের প্রতি আবেদন জানান, তিনি যেন এ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থার মাধ্যমে গ্রামবাসীকে রক্ষা করেন।
উল্লেখ্য, গত এক মাসে এ গ্রামের অন্তত দশটি পরিবারের বসতঘর নদীগর্ভে বিলীন হয়। পরিবারগুলোর সদস্যরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে আছেন মরহুম হাসেম আলী খানের ছেলে আব্দুর রব খান, আলম খান এবং ইয়াকুব আলী প্যাদার ছেলে আবুল কাশেম প্যাদা।



