সিলেটে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ এরফান উল্লাহ বলেন, ন্যায়বিচার সব নাগরিকের মৌলিক অধিকার। আর্থিকভাবে অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রম মানুষের মধ্যে ন্যায়বিচারের প্রতি আস্থা বাড়াচ্ছে।
তিনি বলেন, এক সময় আইনগত সহায়তা মূলত বেসরকারি উদ্যোগে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে রাষ্ট্রীয়ভাবে তা বিস্তৃত পরিসরে কার্যকর হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিসে ধনী-গরিব নির্বিশেষে সবাই বিনামূল্যে আইনি পরামর্শ গ্রহণ করতে পারেন।
সভাপতি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান এবং সাধারণ মানুষকে আইনগত সহায়তা সেবার বিষয়ে সচেতন হয়ে প্রয়োজনে তা গ্রহণের আহ্বান জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রম ভবিষ্যতে আরো শক্তিশালী হবে।
এ সময় ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ রাজীব কুমার বিশ্বাস, শ্রম আদালতের সিনিয়র জেলা জজ নুরুল আলম মোহাম্মদ নিপু, দ্রুত বিচার ট্রাইব্যুনালের জেলা জজ স্বপন কুমার সরকার, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: আবু ওবাইদা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: ইমাম হোসেন, জেলা পাবলিক প্রসিকিউটর মো: আশিকুর রহমান, মহানগর পাবলিক প্রসিকিউটর বদরুল আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবায়ের বখত জুবেরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর ও সংস্থার কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



