টানা বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়া চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার খৈয়াছড়া, ফেনাফুনি, ফকিরটোলা, গোভনিয়া ও পূর্ব পোলমোগরা গ্রামের পানিবন্দী শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। স্থানীয় বিএনপি নেতা মো: আশরাফ উদ্দিনের উদ্যোগে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: আশরাফ উদ্দিন এ সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।
মো: আশরাফ উদ্দিন বলেন, মিরসরাইয়ের গণমানুষের নেতা নুরুল আমিন এমপির নির্দেশে পানিবন্দী মানুষের মাঝে দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবং সর্বোচ্চ সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে রয়েছি, ভবিষ্যতেও থাকব।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুর নবী করিম বাবলু, সদস্য আকবর ভূঁইয়া, ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, দফতর সম্পাদক নুরুল মোস্তফা, নিজামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামিম হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক নুরুন নবীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



